ইভ্যালি, ধামাকা, সিরাজগঞ্জ ও গ্লিটার্সের সদস্যপদ স্থগিত করলো ই-ক্যাব

২৯ সেপ্টেম্বর, ২০২১ ১২:০৫  
ভোক্তা ও বিক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৬টি সদস্য প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলো ই-ক্যাব।  বুধবার এদের মধ্যে আরো চারটি প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইভ্যালী, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ এবং গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড। উত্থাপিত অভিযোগের বিষয়ে জবাব না দেয়া, সন্তোষজনক জবাব না দেয়া, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ পরিচালনা না করা এবং ক্রেতা-ভোক্তাদের পাওনা সময়মতো পরিশোধ না করার কারণে এই ৪ প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থার জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন। যে কারণে সদস্যপদ স্থগিত করা হয়েছে তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। ব্যাখ্যায় বলা হয়েছে- ইভ্যালী : দীর্ঘদিন ধরে বার বার সময় নেয়ার পরও ক্রেতাদের সমস্যার সমাধান না করা, ই-ক্যাবকে প্রয়োজনীয় তথ্য না দেয়া, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১ প্রকাশিত হওয়ার পর ১০ দিনের মধ্যে পণ্য তা ডেলিভারী না করা, ই-ক্যাব সদস্যভূক্ত সাপ্লায়ারদের পাওনা পরিশোধের বিষয়ে সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ না করার অভিযোগ রয়েছে। ক্রেতা-বিক্রেতাদের পাওনার কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটির সদস্যপদ স্থগিত করা হয়েছে। ধামাকা শপিং: কয়েকমাস অতিবাহিত হওয়ার পরও ক্রেতাদের পণ্য বা মূল্যফেরত না দেয়া, এবং  ক্রেতা ও সরবরাহকারীদের অভিযোগসমূহের সমাধানে সুনির্দিষ্ঠ তারিখ প্রদান না করা ও পদক্ষেপ গ্রহণ না করা। ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ প্রতিপালন না করা ছাড়াও পূর্বের ঘোষনা ব্যতিত অনির্দিষ্ট কালের জন্য ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করা এবং কবে চালু হবে এই বিষয়ে নির্দিষ্ঠ তারিখ ঘোষনা না করাসহ বিভিন্ন অভিযোগ। সিরাজগঞ্জ শপ: ই-ক্যাবের পত্রের জবাব না দেয়া, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ প্রতিপালন না করে ব্যবসা পরিচালনা না করা ও ক্রেতাদের মূল্যফেরতের বিষয়ে অনিয়ম সংক্রান্ত প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির সদস্যপদ স্থগিত করা হয়েছে। গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড :প্রতিষ্ঠানটি ই-কমার্সের নামে বেআইনি এমএলএম ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির সদস্যপদ স্থগিত ঘোষনা করা হলো। এর আগে গত আগস্টে  ই-অরেঞ্জ ডট শপ, টোয়েন্টিফোর টিকেটিং ডট কম, গ্রীণ বাংলা ই-কমার্স লিমিটেড এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড এন্ড কনজ্যুমার লিমিটেডের সদস্য পদ স্থগিত করেছিলো ই-ক্যাব।